রাজধানীর বিশ্বরোডে খিলক্ষেত-কুড়িল ফ্লাইওভার সংলগ্ন এলাকায় লেকে যাত্রীবাহী বাস পড়ে ৩ জন আহত হয়েছে। সোমবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।
ফ্লাইওভারের নিচে বাঁক ঘোরার সময় একটি প্রাইভেট কারকে জায়গা দেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেকে পড়ে যায়। এতে বাসযাত্রীসহ আশপাশে থাকা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি অর্ধেক লেকে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট বাসটি উদ্ধার করতে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায়। বাসটি লেক থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ৩ জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেলেও কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
ওই ঘটনায় বিমানবন্দর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।






