ফ্রেঞ্চ ওপেন টেনিসের পুরুষ এককে শিরোপা জয় করেছেন সুইজারল্যান্ডের স্তানিসলাস ভাভরিঙ্কা। ফাইনালে তিনি হারিয়েছেন ফেবারিট সার্বিয়ার নোভাক জোকোভিচকে।
এবারই প্রথম ফ্রেঞ্চ ওপেন টেনিসের ফাইনালে ওঠেন স্তানিসলাস ভাভরিঙ্কা। শীর্ষ বাছাই জোকোভিচকে হারিয়ে দিয়ে রোলা গ্যাঁরোতে বাজিমাত করেন সুইস এই খেলোয়াড়। লাল কোর্টে জোকোভিচকে ৪-৬, ৬-৪, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে দেন ভাভরিঙ্কা।
এরআগে নবম বাছাই ভাভরিঙ্কার ঝুলিতে ছিল একটিমাত্র গ্র্যান্ড স্লাম শিরোপা। ২০১৪ সালে তিনি চ্যাম্পিয়ন হন অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে।
আর ৮টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেও ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হওয়াটা অধরাই থেকে গেল জোকোভিচের। জোকোভিচের বিপক্ষে ২৩বার মুখোমুখি হয়ে এবার নিয়ে চতুর্থ জয় পেলেন ভাভরিঙ্কা।







