অ্যান্টনে গ্রিজমান, কাইলিয়ান এমবাপে, পল পগবাদের মত তারকার ছড়াছড়ি। সেই দলই কিনা প্রতিপক্ষের জাল খুঁজে পেল না। সেটিও লুক্সেমবার্গের মত দলের বিপক্ষে! বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয়ান লড়াইয়ে ‘এ’ গ্রুপে ঘটেছেও এমনটাই। আগের ১৪বারের সাক্ষাতে হেসে-খেলে লুক্সেমবার্গকে উড়িয়ে দিয়েছিল ফ্রান্স, রোববার ০-০ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে দিদিয়ের দেশমের দল।
সেটিও আবার ঘরের মাঠে। ম্যাচে ৭৬ শতাংশ বলের আধিপত্য ধরে রেখে, প্রতিপক্ষের গোল বরাবর ৩৪টি শট নিয়েও লুক্সেমবার্গের দুর্গ জয় করতে পারেনি ফ্রান্স। ১৯১৪ সালের পর এই প্রথম লুক্সেমবার্গের বিপক্ষে জয় ছাড়া ফিরতে হল ১৯৯৮ সালের বিশ্বসেরাদের।
শতবছরের বেশি সময়ধরে ফ্রান্সের বিপক্ষে পয়েন্ট না পাওয়া লুক্সেমবার্গ শিবিরে বইছে আনন্দের বন্যা। জয়ের সমান ড্রকে ইউরোপের অন্যতম ক্ষুদ্র দেশটির কোচ লুক হোল্টজ মানছেন লুক্সেমবার্গের ফুটবল ইতিহাসের সেরা অর্জন হিসেবে, ‘এই দিনটি লুক্সেমবার্গের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন।’
হোল্টজের বিপক্ষ দলের কোচ দেশমের মনে অবশ্য বইছে হতাশার ঝড়, ‘এটা সত্যিই হতাশার। এতগুলো সুযোগ পেলাম অথচ গোল করতে পারলাম না!’ যদিও শীর্ষেই আছে ফ্রান্স। ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে তারা। দুই রাউন্ড বাকি। সুইডেন ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে।







