উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’-এর আজ শেষ দিন। ৯ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছে এ উৎসবের তৃতীয় আসর। বাংলাদেশ ছাড়াও এ উৎসবে গান পরিবেশন করবেন ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালি, ফ্রান্স, জাপানের ১৪০ জন সংগীতশিল্পী।
আজ উৎসবের শেষ দিনে মঞ্চ মাতাবেন বাংলাদেশের শাহ আলম সরকার এবং আলেয়া বেগম এবং শাহনাজ বেলি, ডেনমার্কের মিকাইল হেমনিতি উইনথার, ইরানের রাসতাক, ভারতের বাসুদেব দাশ বাউল এবং মালির গানের দল তিনারিওয়েন। এর আগে প্রথম দিন লোকসংগীতের মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের ফকির শাহাবুদ্দিন, বাউলিয়ানা, তিব্বতের শিল্পী তেনজিন চোয়েগাল, ব্রাজিলের মোরিসিও টিজুমবাহ ও সেক্সটেট এবং আসামের বিখ্যাত শিল্পী পাপন। দ্বিতীয় দিন মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের বাউলা, আরিফ দেওয়ান, শাহজাহান মুন্সী, নেপালের কুটুমবা, পাকিস্তানের মিকাল হাসান ব্যান্ড এবং ভারতের নুরান সিসটার্স।
বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী এ লোকসংগীতের আসর। শেষ দিনের আয়োজন সন্ধ্যা ৬টায় শুরু হয়ে চলবে রাত ১২টা পর্যন্ত।









