রুশ সংবাদমাধ্যমের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগে ফেসবুক ও টুইটার নিষিদ্ধ করেছে রাশিয়া। সেই সঙ্গে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সিএনএন সহ বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম নিষিদ্ধ করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ ও তাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার তাদের দেশে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
নিষেধাজ্ঞার বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার এমন পদক্ষেপ লাখ লাখ মানুষকে নির্ভরযোগ্য তথ্য এবং তাদের মতামত শেয়ার করার একটি প্ল্যাটফর্ম থেকে দূরে সরিয়ে দেবে।
অবশ্য দেশটিতে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এখনও চালু রয়েছে।
অন্যদিকে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিবিসির রুশ সংস্করণের সম্প্রচার বন্ধ করে দেওয়ার পাশাপাশি ইন্টারনেটের ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপেরও ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ডয়েচে ভেলে, রেডিও ফ্রি ইউরোপ-রেডিও লিবার্টি ও মেডুজা এবং এনজিও গ্লোবালচেক’র ওয়েবসাইটও দেশটিতে ব্লক করা হয়েছে।
রাশিয়ার এই পদক্ষেপতে ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউজ।








