মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকে দেওয়া রাশিয়ান রাজনৈতিক বিজ্ঞাপনের প্রধান লক্ষ্য ছিল মিশিগান ও উইসকিনসন রাজ্য।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ডেমোগ্রাফিক গ্রুপ লক্ষ্য করে প্রকাশিত এসব বিজ্ঞাপনে মানুষের মাঝে বিভেদ তৈরি হয়, এ ধরনের বিভিন্ন বার্তা ছিল। সাধারণ মানুষের মাঝে মুসলিম বিরোধী মনোভাব তৈরি করতেও নানা ধরণের কথা ছিল এসব বিজ্ঞাপনে।
রাশিয়া থেকে প্রকাশিত এসব বিজ্ঞাপন ফেসবুকে দেখেছিল প্রায় ১ কোটি ব্যবহারকারী। নির্বাচনের আগের এবং পরের মাসে এসব বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সোমবার ফেসবুকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
ইতোমধ্যেই এসকল রাজনৈতিক বিজ্ঞাপন সংক্রান্ত সকল তথ্য মার্কিন তদন্ত দলের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মিশিগান ও উইসকিনসন। রাজ্য দুটিতে ট্রাম্প যথাক্রমে ১০,৭০০ ও ২২,৭৪৮ ভোটে জয়ী হয়েছিলেন।







