ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালমন্দ করে পোস্ট দেয়ায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার।
সোমবার দুপুরে শাহবাগ থানায় তিনি এই সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর: ১৮৯১।
জিডিতে আসিফ তালুকদার লিখেছেন: লন্ডন প্রবাসী মো. ফাওজুল আজীম, যাহার মোবাইল ফোন নম্বর: ০০৪৪৭৭৩৬৫৭৭৭২৩ দিয়ে প্রতিষ্ঠিত অনলাইন ফেসবুক পেজের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অহেতুক গালমন্দ করে বিভিন্ন পোস্ট করেন। এ বিষয়ে তাকে অনেকবার সংশোধন ও সতর্ক করা হলেও বিষয়টি আমলে নেননি। বরং উদ্বত আচরণ দিন দিন বৃদ্ধি পাইতেছে। এই পেজটি ২০১২ সাল থেকে তাহার কার্যকালাপ চালিয়ে আসছে। ইহার কার্যকলাপ সরকারবিরোধী।
জিডিতে ফাওজুল আজীমের ফেসবুক আইডি ও ফেসবুক পেজের প্রোফাইলের স্ক্রিনশট, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ অনলাইন আর্টিকেলের স্ক্রিনশট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ আর্টিকেলের স্ক্রিনশট কপি সংযুক্ত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আসিফ চ্যানেল আই অনলাইনকে বলেন: সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহার আমাদের সকলের কাম্য। কিন্তু এই প্লাটফর্মকে কাজে লাগিয়ে অনেকেই প্রপাগাণ্ডা ছড়ায়। আমরা এ ধরনের অসৎ উদ্দেশ্যকে রুখে দিতে বদ্ধ পরিকর।
আসিফ বলেন: বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে এই জিডি করা হয়েছে। উদ্দেশ্যমূলক এই প্রচারণা অনেকের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে। মুক্ত দুনিয়ায় সাইবার স্পেসকে ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা লুটছে একটা গোষ্ঠী। এ ধরনের সাইবার অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। যথাযথ বিচার বা আইনের আওতায় আনা হলে অন্যরা এ ধরনের কাজ করতে সাহস দেখাবে না।







