ফেব্রুয়ারিতে ৫ দল নিয়ে ঢাকায় টি-টুয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের আসর বসচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা থেকে ঢাকায় ফিরে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, তার আগে ১৯ ফ্রেব্রুয়ারি কোয়ালিফাইং রাউন্ড হবে সংযুক্ত আরব আমিরাত, হংকং, ওমান এবং আফগানিস্তানকে নিয়ে। ২৪ ফেব্রুয়ারি শুরু হবে মূল আসর।
টানা তৃতীয় আর সব মিলিয়ে সব মিলিয়ে পঞ্চমবার এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। ২০১২তে ভারত ও শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ ২০১৪ সালের পরের আসরে হারে সবক’টি ম্যাচ। টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য টি-টুয়েন্টি ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ।
২৪ ফেব্রুয়ারি মূল টুর্নামেন্ট শুরুর আগে ১৯ ফেব্রুয়ারি চার দল আফগানিস্তান, হংকং, ওমান এবং আরব আমিরাতকে নিয়ে কোয়ালিফাইং রাউন্ড। চ্যাম্পিয়ন দল মূল পর্বে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলংকার সঙ্গে লড়বে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ৫টি দল নিয়ে অনুষ্ঠিত হবে মূলপর্ব। মূলপর্বে জায়গা করে নিতে ১৯ ফেব্রুয়ারি থেকে লড়তে হবে সহযোগী চারটি দেশকে। কোয়ালিফাইং রাউন্ড শেষে একটি দল আসবে। মূলপর্বের সম্ভাব্য ভেন্যু হতে পারে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম।
হোস্টিং রাইট হিসেবে টুর্নামেন্টের দর্শক গ্যালারির টিকিটের আয় বিসিবি’র।
বিসিবির সিইও আরো বলেন, বিসিবি এশিয়া কাপের হোস্ট যে রাইটস গুলো থাকে গতবারের মতো এবারো সেই টিকিটিং রাইটস পাচ্ছে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সেরা সুযোগ, পাশাপাশি প্রথমবারের মতো এশিয়া কাপ জেতার স্বপ্নপূরণের অপেক্ষায় ‘টিম-টাইগার্স’।






