ফেনীর সোনাগাজীতে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ। এ অর্থনৈতিক অঞ্চলে বিমান বন্দর, সৌর বিদ্যুৎ কেন্দ্রসহ সহ গড়ে উঠবে বড় বড় শিল্প কারখানা। মোট এক হাজার ২২২টি কারখানা স্থাপন করা হবে সেখানে।
সোনাগাজীর চর চান্দিয়া সদর ইউনিয়নের মধ্যে প্রায় ১৩ হাজার একর জায়গা জুড়ে গড়ে উঠছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। প্রথম পর্যায়ে উপযোগী করা হচ্ছে এক হাজার একর ভুমি। যেখানে গড়ে তোলা হবে তৈরি পোশাক ও পোশাক খাত-সংশ্লিষ্ট শিল্প, মোটরবাইক, অটোমোবাইল পার্টস, স্টিলসহ অন্যান্য মেশিনারিজ তৈরির কারখানা। থাকবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের করিডোর জোন হিসেবেও এটিকে বিবেচনা করা হচ্ছে। এই অর্থনৈতিক অঞ্চলের ৫০ টি সাব জোনের প্রায় ৫ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা সংশ্লিষ্টদের। এ আশা দানা বেঁধেছে স্থানীয়দের মধ্যেও।
স্থানীয়রা বলছে, সরকার যেনো কাজ বন্ধ না করে, সঠিকভাবে কাজ পরিচালনা হলে অঞ্চলের বেকার যুবক ও দরিদ্ররা কাজ কর্ম করে জীবিকা নির্বাহ করতে পারবে।
বৃহৎ এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানাচ্ছে বন ও পরিবেশ মন্ত্রণালয়।
বন ও পরিবেশ সচিব ড: কামাল উদ্দিন আহম্মেদ বলেন, যেখানেই শিল্প স্থাপন করা হউক সেখানে যেন সঠিকভাবে কার্বন নিঃসরণ করা হয় যাতে গ্রীন ইকোনোমিক উন্নয়ন বজায় থাকে।
২০১৮ সালের মধ্যে কারখানাগুলোতে উৎপাদন শুরু হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মহাপরিচালক পবন চৌধুরী বলেন এই যে বিশেষ উন্নয়ন কর্মকাণ্ড এ ক্ষেত্রে আমরা কোন কিছুই বাধা হিসেবে দেখছি না, চ্যালেঞ্জ থাকতে পারে কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস, মানসিকতা ও শক্তি বাংলাদেশের অর্থনীতির রয়েছে।
এই অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে অর্থনীতির নতুন দিগন্ত খুলে যাবে, প্রত্যাশা স্থানীয়দের।






