এল ক্লাসিকো জিতেই বছরটা শেষ করেছেন লিওনেল মেসি। আর ব্যালন ডি’অর জেতার লড়াইয়ে মেসির সঙ্গে স্কোরলাইন ৫-৫ সমতায় করেও লা লিগায় বার্সেলোনার বিরুদ্ধে হেরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
গত সপ্তাহটা আন্তর্জাতিক ফুটবলের দুই তারকার কাছে কেটেছে সম্পূর্ণ দুই মেজাজে। কিন্তু সপ্তাহ শুরুর দিনে সোমবার মেসি-রোনালদো দুই তারকাই বড়দিন পালন করলেন পরিবারের সঙ্গে আনন্দের মেজাজেই।
ইনস্টাগ্রামে এ দিন সপরিবার ছবি পোস্ট করেছেন রোনালদো। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেরি ক্রিসমাস। শান্তি, ভালবাসা, ঈশ্বর এবং স্বাস্থ্য। এই সব মিলিয়েই পরিবার’।
মেসিও বড়দিন কাটিয়েছেন পরিবারের সঙ্গেই। ইনস্টাগ্রামে আর্জেন্টিনা অধিনায়ক যে ছবি পোস্ট করেছেন, সেখানে স্ত্রী অ্যান্থোনেল্লার সঙ্গে হাজির তার দুই ছেলে থিয়াগো এবং মাতেও। তাদের সঙ্গে ছবিতে ঢুকে পড়েছেন সান্তাক্লজও। তার অগণিত ভক্তকুলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ছবির সঙ্গেই মেসি লিখেছেন, ‘সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা’।
মেসির একদা সতীর্থ নেইমার অবশ্য বড়দিন কাটিয়েছেন তার বাবা, মা ও বোন রাফায়েলার সঙ্গে। পিএসজির ব্রাজিলিয় তারকা অবশ্য এ দিন তার বড়দিন যাপনের দু’রকম ছবিই পোস্ট করেছেন ভক্তদের জন্য। যেখানে তার বোন রাফায়েলার সঙ্গে ছবি ছাড়াও নিজের ছবিও পোস্ট করেন তিনি।
এই তিন তারকা ছাড়াও ক্রিসমাসের ছবি পোস্ট করেছেন বিভিন্ন দলের খেলোয়াড় ও কোচেরা।








