পায়ে চোট পেয়ে আহত হয়েছেন ‘সঞ্জু’র অভিনেতা রণবীর কাপুর। শনিবার মুম্বাইয়ে একটি চ্যারিটি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে তিনি ডান পায়ের গোড়ালিতে আঘাত পান।
ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার পায়ে ব্যান্ডেজ বেঁধে বাসায় পাঠিয়ে দেয়া হয়।
চিকিৎসকরা রণবীরকে কয়েক দিন পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন।
ওই চ্যারিটি ফুটবল ম্যাচটি ছিল অভিষেক বচ্চন ও রণবীর কাপুরের দলের মধ্যে। যদিও ম্যাচের ট্রফি জিতেছে অভিষেক বচ্চনের দল।
আগামী ২৯ জুন মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত ছবি ‘সঞ্জু’। সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করার জন্য রণবীরকে খুব কাছ থেকে সঞ্জুবাবার জীবনীকে জানতে হয়েছে। এমন কি ছবির ট্রেলারেও দেখা গিয়েছে, জীবনের নানা বিষয়ের সাথে সঞ্জু ওরফে রণবীর তার মাদকাসক্তি নিয়ে কথা বলছেন।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানান, তিনি ধূমপানে এতটাই আসক্ত যে তার ক্ষেত্রে বৈদ্যুতিক কৃত্রিম সিগারেটও কাজ করেনি।
তিনি আরও বলেছেন, ‘ধূমপান ছেড়ে মাত্র চার মাস থাকতে পারলেও, গত মাসে আবার রোলিং সিগারেট খাওয়া শুরু করেছি। অবশ্য তা দিনে একটা বা দুটো। তার বেশি নয়।
‘আমার যখন ১৫ বছর বয়স, তখন থেকে সিগারেট খাওয়া শুরু করি। এখন ভয় হচ্ছে, কারণ আমি জানি, এটা খুব বাজে নেশা।’
রণবীরের আরেকটি ছবির শুটিং চলছে গোয়ায়। আর তাই তো চিকিৎসকের কথায় পাত্তা না দিয়ে রোববারই এই পা নিয়ে গোয়ার উদ্দেশ্যে রওনা দেন।







