ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে মৌসুমি ক্রান্তীয় ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত কমপক্ষে ৯০ জনের মৃত্যুর নিশ্চিত খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক। তাদের বেশিরভাগই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
টেমবিন নামের এই মৌসুমি ঝড়ের প্রকোপে পুরো দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঝড়ে মিন্দানাও দ্বীপের কিছু অংশে ভূমিধসের ঘটনাও ঘটেছে। দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুবোদ এবং পিয়াগাবো গ্রাম দু’টি। সেখানে বহু ঘরবাড়ি মাটি-পাথরের বড় বড় চাঁইয়ের নিচে চাপা পড়েছে।
তুবোদ পুলিশ অফিসার গণমাধ্যমকে জানিয়েছেন, ঝড়ে জলোচ্ছ্বাসের নদীতে সৃষ্টি হয়ে গ্রামের প্রায় সব ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। উদ্ধারকর্মীরা এখন মাটির নিচ থেকে মৃতদেহ বের করার চেষ্টা করছে। পার্শ্ববর্তী দালামা গ্রামেও জীবিত মানুষ না খুঁজে মৃতদেহ খোঁজা হচ্ছে বলে জানান তিনি।
৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগের টেমবিন মিন্দানাওয়ের মধ্য দিয়ে পার হয়ে বর্তমানে পালাওয়ানের দক্ষিণ কোণের দিকে এগিয়ে যাচ্ছে। পালাওয়ান হয়ে ঝড়টি পশ্চিমের দিকে সরে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ফিলিপিন্স দেশটি নিয়মিতই মারাত্মক সব মৌসুমি ও ক্রান্তীয় ঝড়ের কবলে পড়ে। তবে মিন্দানাও দ্বীপে সে সব ঝড় আঘাত করে খুব কম। এবারের ঝড়টি তার ব্যতিক্রম।








