দেশের যুব ফুটবল উন্নয়নে ‘ফরোয়ার্ড প্রজেক্ট’র আওতায় ফিফার কাছে বার্ষিক ৬ কোটি টাকা অনুদান চেয়েছে বাফুফে। যা আগামী ৪ বছরের জন্য পেতে পারে বাফুফে। তবে প্রথম দুই বছরের সাফল্যের ওপর নির্ভর করছে পরের দুই বছরের অনুদান প্রাপ্তি।
তবে এ অনুদান শুধুই বয়সভিত্তিক দল এবং অবকাঠামো উন্নয়নে ব্যয় করা যাবে। আজ বাফুফে ভবনে ফিফার প্রতিনিধি দলের কাছে চার বছর মেয়াদি মাস্টারপ্লান উপস্থাপন শেষে এই খবর জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
ঢাকায় ফিফার প্রতিনিধি দলের সফরের সময় ফরোয়ার্ড প্রজেক্টের আওতায় অনূর্ধ্ব-১৬ পুরুষ ও মহিলা এবং অনূর্ধ্ব-১৮ পুরুষ দলের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, ট্রেনিং সেন্টার, জিমন্যাশিয়াম নির্মাণ এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনে অর্থ বরাদ্দের জন্য পরিকল্পনা পেশ করা হয়।
চার দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে ফিফার প্রতিনিধি দলের প্রধান মাইক ফিস্টার জানিয়েছেন বাংলাদেশের জাতীয় দল গঠনের আগেই তৃণমূলকে গুরুত্ব দেয়া উচিত।







