প্রতিবেশী দেশ ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের পদক্ষেপের জন্য রাশিয়া “প্রতিশোধমূলক পদক্ষেপ” নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়ে দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বিবিসি জানিয়েছে, এই পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি উত্তর ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
এর আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী বিলম্ব না করে দেশটির ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার আহ্বান জানান।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ন্যাটো সদস্যপদ চায় ফিনল্যান্ড।
রাশিয়ার সাথে ফিনল্যান্ডের ১৩ হাজার কিলোমিটারের সীমানা রয়েছে। প্রতিবেশীর বিরোধিতা এড়াতে দেশটি এতোদিন ন্যাটোর বাইরে থেকেছে।
ফিনল্যান্ড সংসদ এবং অন্যান্য সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্বদের বিবেচনার পরে রবিবার আনুষ্ঠানিকভাবে তারা ন্যাটোকে যোগদানের সিদ্ধান্তের কথা জানায়। একই দিনে ন্যাটো ভুক্তির সিদ্ধান্তের ঘোষণা দেয় সুইডেন।
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, তিনি আশা করছেন সুইডেন এবং ফিনল্যান্ডের সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া বেশ দ্রুত হবে।
রাশিয়ার বিবৃতিতে ফিনল্যান্ডের এই পদক্ষেপকে দেশের পররাষ্ট্র নীতিতে একটি আমূল পরিবর্তন বলে বর্ণনা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান দ্বিপাক্ষিক রাশিয়ান-ফিনিশ সম্পর্ক এবং উত্তর ইউরোপীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।
এ থেকে উদ্ভূত তার জাতীয় নিরাপত্তার হুমকি মোকাবেলায় রাশিয়া সামরিক-প্রযুক্তিগত এবং অন্যান্য উভয় ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য হবে রাশিয়া।
তবে মস্কো কী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে তা নির্দিষ্ট করেনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে সাংবাদিকদের বলেছিলেন, এই সম্প্রসারণ প্রক্রিয়াটি কীভাবে কার্যকর হয়, সামরিক অবকাঠামো কতটা আমাদের সীমান্তের কাছাকাছি চলে যায় তার উপর সবকিছু নির্ভর করবে।








