সাবেক কূটনীতিক ও পররাষ্ট্র সচিব ফারুক আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম ও বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন কিডনি ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ফারুক আহমেদ চৌধুরী। ৮৩ বছর বয়সে ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফারুক চৌধুরী ১৯৫৬ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। স্বাধীন বাংলাদেশেও তিনি যোগ্যতার সঙ্গে কূটনীতিকের দায়িত্ব পালন করেন।
সরকারি চাকুরি থেকে ১৯৯২ সালে অবসর নেয়ার পর ফারুক চৌধুরী ব্র্যাকের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।
বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কলাম লেখাসহ ‘দেশ দেশান্তর’, ‘স্বদেশ স্বকাল স্বজন’, ‘নানাক্ষণ নানা কথা’সহ বেশকিছু বইয়ের লেখক।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন ফারুক চৌধুরী।










