প্রথমবারের মতো আয়োজিত ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার ২০১৬ প্রদান করা হয়েছে।
জঙ্গী হামলার হাত থেকে কলেজ শিক্ষককে রক্ষা ও জঙ্গীকে হাতেনাতে ধরার কারণে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের অফিস সহকারী মিরাজ সরদার এ বছরের ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার জিতে নিয়েছেন।
অনুষ্ঠানের আযোজকরা জানিয়েছেন, বিপদে প্রকৃত বন্ধুত্বের দৃষ্টান্ত দেখানো ফারাজের সাহসিকতার স্পৃহা সবার মধ্যে উদ্দীপ্ত করতেই এই পুরস্কার।
বিজয়ীর হাতে সম্মাননা ক্রেস্ট ও ১০ হাজার মার্কিন ডলারের চেক তুলে দেন পেপসিকো গ্লোবালের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা কে নুয়ি।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। জঙ্গিরা তাকে ছেড়ে দিলেও বিদেশী বন্ধুদের মৃত্যুর মুখে রেখে আসতে রাজি না হওয়ায় জীবন দিতে হয় তাকে।
ফারাজের সাহসিকতাকে সম্মান জানাতে ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কারের উদ্যোগ নিয়েছে পেপসিকো গ্রোবাল লিমিটেড।
ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কারের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছে ফারাজের পরিবার।
আগামী ২০ বছর এ পুরস্কার দিতে দুই লাখ মার্কিন ডলারের একটি তহবিল গঠন করেছে পেপসিকো। উদ্যোক্তারা বলেছেন, বাংলাদের তরুণ প্রজন্মকে সাহসী হতে অনুপ্রাণিত করবে ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার।








