এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, গুরুত্বপূর্ণ ব্রিজ, ফ্লাইওভার, ফেরি ও মহাসড়কে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির পাশাপাশি এই আদেশ দেন হাইকোর্ট। তবে পদ্মা ও যমুনা সেতুর ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।
সোমবার এসংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনির উদ্দিন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।








