টু-জি (2G) বা থ্রি-জি (3G) ইন্টারনেটকে অতীতে ঠেলে দিয়ে ভারতের টেলিকমে এখন ফোর জি (4G internet) ইন্টারনেটের রমরমা অবস্থা। ফোর-জির বাজারে অনেকটা একচেটিয়া ব্যবসা করছে রিলায়েন্স জিও। সেই ব্যবসাকে চ্যালেঞ্জ করে সরাসরি ফাইভ জি (5G) ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা করছে এয়ারটেল।
এই বিষয়ে ইতিমধ্যেই সুইডিশ টেলিকম জায়েন্ট এরিকসন ও ফিনল্যান্ডের সংস্থা নোকিয়ার সঙ্গে জোট বেধেছে এয়ারটেল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চুক্তি মোতাবেক, ভারতী এয়ারটেলকে ভারতে ফাইভ-জির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে এরিকসন। কৌশলগত রোডম্যাপও তারাই তৈরি করে দেবে। গত সপ্তাহে স্টকহোমে এই চুক্তি সই হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ভারতী এয়ারটেলের শীর্ষকর্তা অভয় সাভারগাঁওকার, যিনি ভারত-সহ দক্ষিণ এশিয়ায় নেটওয়ার্ক সার্ভিসের ডিরেক্টর।
ফাইভ জি ঘোষণার সঙ্গে সঙ্গে ফোর জি সেবাতে ছাড়ের উৎসব চলছে পুরো ভারতজুড়ে। ২০০ রুপী থেকে শুরু করে ৪০০ রুপীর মধ্যে দারুণসব অফার দিচ্ছে গ্রাহকদের জন্য।








