‘আমি আর্জেন্টিনাকে চাই। আমি তাদের জন্যই গলা ফাটাবো। দলটিতে আমার কাছের বন্ধুরা আছে, এবং ফাইনালে ব্রাজিলই জিতবে।’ কোপা আমেরিকার শিরোপার মঞ্চে পা রেখে শেষের প্রতিপক্ষ নিয়ে এভাবেই বললেন ব্রাজিল তারকা নেইমার।
নেইমারের চাওয়ার মতো চাওয়াটা এখন ফুটবলপ্রেমীদের মাঝেও পারদ চড়িয়ে চলেছে। ক্রমেই যে উজ্জ্বল হচ্ছে লাতিন ক্ল্যাসিকোর সম্ভাবনা। সেটিও আবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরটির ফাইনালে। নেইমারের ব্রাজিল ফাইনালের টিকেট কেটে ফেলেছে, এখন কেবল অপেক্ষা লিওনেল মেসির আর্জেন্টিনার জন্য।
রিও ডি জেনিরোর এস্তাদিও অলিম্পিকো নিল্টন সান্তোস স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার ভোরে পেরুকে ১-০ গোলে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওরা কোপায় টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে গেছে। লুকাস পাকুয়েতার একমাত্র গোলে সেমির বাধা পেরিয়েছে টিটের শিষ্যরা।
এবার আর্জেন্টিনার পালা। সেজন্য মেসিদের পেরিয়ে আসতে হবে কলম্বিয়ার বাধা। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হতে দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনা ও কলম্বিয়া বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় মুখোমুখি হবে ব্রাসিলিয়ার মানে গারিঞ্জা স্টেডিয়ামে।
তার আগে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে প্রিয় বন্ধু লিওনেল মেসির জন্য শুভ কামনা, তার কাছে প্রত্যাশার সঙ্গে হুঙ্কারও জানিয়ে রাখলেন।
কোপার কোনো ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার শেষ দেখা হয়েছিল ২০০৭ সালে। ভেনেজুয়েলায় বসা ওই আসরে আলবিসেলেস্তেদের ৩-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে নিয়েছিল হলুদ সাম্বার সেলেসাওরা।








