মাস্টার্স ক্রিকেট কার্নিভালে গ্রুপপর্বের শেষ ম্যাচে সিলেট সিক্সার্স মাস্টার্স ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে খালেদ মাহমুদ সুজনের বেক্সিমকো ঢাকা মাস্টার্স।
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার বিকেল সাড়ে তিনটায় শিরোপা নির্ধারণী ম্যাচে তারা লড়বে খালেদ মাসুদ পাইলটের এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্সের বিপক্ষে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
টানা তিন জয় ও এক ম্যাচ বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহী। ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে সেটির জন্য ছিল অপেক্ষা। শেষ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের মিশনে এখন সুজন-অপিরা।
ঢাকার সঙ্গে ফাইনালের উঠার লড়াইয়ে ছিল আকরাম খানের আম্বার চট্টগ্রাম মাস্টার্স। স্টেডিয়ামের মূল মাঠে একই সময়ে শুরু হওয়া ম্যাচে র’ ন্যাশন্স খুলনা মাস্টার্স ৬ উইকেটে হেরে গেলে ফাইনালের স্বপ্ন ভাঙে আকরামদের।
চার ম্যাচে দুটি করে জয় নিয়ে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের তৃতীয় আসর শেষ করেছে চট্টগ্রাম ও খুলনা। চার ম্যাচেই হেরেছে দুর্জয়-শান্তদের সিলেট।







