বায়ার্ন মিউনিখের বিপক্ষে ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে বাভারিয়ারনের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ফাইনাল নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।
কিয়েভ যাত্রা নিশ্চিত হওয়ার পরই কোচ জিনেদিন জিদান সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন, কোন কোন দলকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে তার দল। সঙ্গে অবশ্য এটা বলেছেন, ফাইনালে গেলেও প্রতিটি দলের বিপক্ষেই অনেক ভুগেছে রিয়াল।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘আমরা সব বড় ও শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলেছি। জুভ (জুভেন্টাস), পিএসজি এবং বায়ার্ন সবগুলো প্রায় একই মাপের দল। প্রতিটি ম্যাচে রিয়াল অনেক ভুগেছে কিন্তু তিন ম্যাচেই আমরা জিতেছি। এজন্য আমি খুশি।’
বার্নাব্যুতে গোল পাননি দলের তুরুপের তাস ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার অভাব বুঝতে দেননি করিম বেনজেমা। এই বেনজেমাকে প্রথম একাদশে রাখা নিয়েও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় কোচকে। কিন্তু জিদান বারবারই তার ওপর আস্থা রেখেছেন,মঙ্গলবারও রেখেছিলেন।
স্বদেশী কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। জোড়া গোল করে দলকে শুধু বিপর্যয় থেকেই রক্ষা করেননি, তুলে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।
বেনজেমার প্রশংসা করে রিয়াল কোচ বলেন, ‘বেনজেমাই পার্থক্য গড়ে দিয়েছে। সে আসলে এটার যোগ্য। আমি তার উপর খুবই খুশি। দিনশেষে ফুটবলটা এমনই। এটা ভালো চেয়েও ভালো।’
জিদানের চোখ এড়ায়নি গোলকিপার কাইলর নাভাসের পারফরম্যান্সও। দুর্দান্ত সব সেভ করে দলকে তো বাঁচিয়েছেন এই কোস্টারিকানও, ‘তিনি দ্বিতীয়ার্ধে কিছু গ্রেট সেভ করেছেন, আমরা খুব খুশি।’
দল যে ভুগেছে কোচের মত সেটা স্বীকার করেছেন অধিনায়ক সার্জিও রামোস এবং মিডফিল্ডার টনি ক্রুজ।







