সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার এইচ. ই সুজা আলমকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ খবর নিশ্চিত করেছে।
পাকিস্তানের হাইকমিশনারকে সোমবার বেলা আড়াইটার দিকে পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে বলা হয়েছে।
এরআগে পাকিস্তান ফরেন অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে এক বিবৃতিতে আলী আহসান মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
বিবৃতিতে বলা হয়েছিলো, আমরা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের ‘অনাকাঙ্খিত’ ফাঁসির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পাকিস্তান এ ধরণের কর্মকাণ্ডে ক্ষুব্ধ।
এছাড়াও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে গঠিত যুদ্ধাপরাধীর বিচারের ট্রাইব্যুনালের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছিলো।
১৯৭৪ সালের ৯ নভেম্বর ভারত-পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পাদিত চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছিলো, ওই চুক্তিতে বলা হয়েছিলো ৭১ পেছনে ফেলে সবাই সামনের দিকে এগিয়ে যাবে। তাতে করে সুনাম ও সম্প্রীতির বন্ধন দুই’ই বৃদ্ধি পাবে।






