ফরিদপুরে একটি ফিলিং স্টেশন থেকে টাকা ছিনতায়ের অভিযোগে দুই ইরানী নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, ডেভড ইয়ার বিগি ডারভি সানড (৩৬) ও আলী রেজা ওরফে ফাইজার (২৮)। এদের দুজনের বাড়ি ইরানের কারাজ এলাকায়।
শুক্রবার রাতে আটকের পর শনিবার বিকেলে তাদের ফরিদপুরের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ফরিদপুরের নগরকান্দা থানার উপ-পরিদর্শক সুকান্ত দত্ত জানান, তোফাজউদ্দিন ফিলিং স্টেশন থেকে ৬৫ হাজার টাকা ছিনতাই করে দুটি মাইক্রোবাসে তারা ফরিদপুরে চলে আসে। খবর পেয়ে পুলিশ ওই দুই বিদেশী নাগরিককে শহরের পুরানো বাসস্ট্যান্ড এলাকার ইউনাইটেড ফিলিং স্টেশনের সামনে থেকে আটক করে।
আটক দুই ইরানী নাগরিকের কাছ থেকে ছিনতাই করা ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মেসার্স তোফাজউদ্দিন ফিলিং স্টেশনের মালিক নগরকান্দার ছাগলছিড়া এলাকার বাসিন্দা জামাল মীর বাদী হয়ে শনিবার নগরকান্দা থানায় ছিনতাই ও দস্যুতার অভিযোগ একটি মামলা দায়ের করেন।
বিকেলে ওই দুই বিদেশী নাগরিককে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।







