স্টিভেন স্মিথের দল ঢাকায় পা রাখার আগেই হাজির ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দুই সদস্যের অগ্রবর্তী দল। যেখানে আছেন তাদের নিরাপত্তা পরামর্শক শন ক্যারলও। বুধবার তারা মোহাম্মদপুরের ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তারা ফতুল্লার ভেন্যু পরিদর্শনের পর জানাবেন অজিরা কোন মাঠে খেলবে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার রাতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মূল সিরিজের আগে ২২ ও ২৩ আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে খেলে সফরকারীরা প্রস্তুতি সারবে। কিন্তু কোন মাঠে খেলা হবে সেটিই এখনও চূড়ান্ত হয়নি। এখন পর্যন্ত সূচিতে আছে ফতুল্লার নামই।
কিন্তু স্থানীয় শিল্পকারখানা থেকে আসা রাসায়নিক পদার্থ মিশ্রিত পানি প্রবেশ করে প্লাবিত হয়ে ছিল স্টেডিয়ামটির প্রবেশপথ, আউটার মাঠ ও মূল মাঠের কিছু অংশ। দীর্ঘদিন ধরে সৃষ্ট জলাবদ্ধতায় ভেন্যুটির যে দশা, সেখানে ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে পড়েছে।
তারপরও আশা রাখছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘খেলা চালানোর মতো উপযোগী করা যাবে, তবে সেক্ষেত্রে প্রাকৃতিক অবস্থার উন্নতি হতে হবে। যদি আর্দ্রতা থাকে এবং রোদ ওঠে, তাহলে ম্যাচ আয়োজন সম্ভব। আমরা আমাদের কিউরেটরের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে দুইদিন সময় পেলে মাঠটা পুরোপুরি তৈরি করা সম্ভব হবে।’
বুধবার খোঁজ নিয়ে জানা যাচ্ছে আউটার মাঠের পানি নিষ্কাশনে ব্যবহার করা হচ্ছে চারটি মোটর। বাইরে ফেলা পানি উপচে যেন আবারও ভেতরে না আসে সে চেষ্টাও করা হচ্ছে। তবে স্টেডিয়ামের পাশেই জনবসতি থাকায় স্থানীয় বাসিন্দারা পড়েছেন বিপাকে।

প্লাবিত থাকায় গত মাসে আসা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লা পরিদর্শন করতে পারেনি। হেলিকপ্টারে চড়ে উপর থেকে প্লাবিত ভেন্যু দেখে ফিরে যান। পরে মিরপুর, চট্টগ্রাম ভেন্যু দেখেন খুটেখুটে।
এর আগে একাধিকবার বাংলাদেশ সফর করেছেন ক্যারল। তবে সেসময় নিরাপত্তা ইস্যুই ছিল প্রধান এজেন্ডা। এবার এসবকিছুর সঙ্গে তার বাড়তি কাজ প্রস্তুতি ম্যাচের ভেন্যু নির্বাচন। বিসিবি অবশ্য আরেকটি বিকল্প রেখেছে। ফতুল্লা, ইউল্যাবে সন্তুষ্ট না হলে বিকেএসপিতে হতে পারে ম্যাচটি। তবে শহরের বাইরে গিয়ে খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনীহা থাকায় ফতুল্লাতেই ম্যাচটি আয়োজনের সবরকম চেষ্টাই করছে বিসিবি।







