ঘূর্ণিঝড় ফণী পরবর্তী যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রসাশনের পাশাপাশি আওয়ামী লীগ সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান: কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করে উপকূলীয় অঞ্চলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ফণী মোকাবিলায় কেন্দ্রীয়ভাবে ১৮ সদস্যের সমন্বয় সেল খোলা হয়েছে, খুলনা চট্টগ্রাম ও বরিশাল এ তিন বিভাগে তিনটি বিভাগীয় কমিটি করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম।
যে কোনো প্রয়োজনে- ০২৯৬৭৭৮৮১ এবং ০২৯৬৭৭৮৮২ আওয়ামী লীগ অফিসের এ দু’টি নম্বরে ফোন করার জন্য বলা হয়েছে।
অন্যদিকে প্রচার উপ-কমিটির সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন: দুর্যোগ নিয়েও অপরাজনীতি করছে বিএনপি। প্রাকৃতিক এমন দুর্যোগের আগে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিএনপির মন্তব্যের সমালোচনা করেছে আওয়ামী লীগ।
লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক খোঁজখবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন বলেও জানানো হয়।








