বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিচার বিভাগ নিয়ে করা তার বক্তব্যের জন্য আবারো হলফনামা আকারে ব্যাখ্যা দিতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বিভিন্ন পত্রিকায় তার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপনের জন্য বৃহস্পতিবার এই আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ২৯ ফেব্রুয়ারি এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
‘দেশে গণতন্ত্র নেই বিচার বিভাগেরও স্বাধীনতা নেই।’ বলে মির্জা ফখরুলের করা মন্তব্যের বিষয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগেও গত ৭ ফেব্রুয়ারি করা মির্জা ফখরুলের মন্তব্যের জন্য ১৮ ফেব্রুয়ারি তারিখে ব্যাখ্যা চান এই আপিল বেঞ্চ।
ফখরুলের জামিন বিষয়ক শুনানি চলাকালে তার বক্তব্যের বিষয়ে ২২ ফেব্রুয়ারির মধ্যে লিখিত আকারে ব্যাখ্যা আদালতে দাখিল করতে বলা হয়।






