টানা জয়রথে শুরুর মৌসুমে প্রথম কোন হাইভোল্টেজ পরীক্ষা। তাতেই আটকে গেল উড়তে থাকা বার্সেলোনা। অ্যাটলেটিকোর মাঠ থেকে কোনমতে এক পয়েন্ট বাঁচিয়ে ফিরেছে কাতালানরা।
শনিবার রাতে হারের শঙ্কায় পড়ে ৮২ মিনিটে করা লুইস সুয়ারেজের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছে বার্সেলোনা। ঘরের মাঠে ২১ মিনিটে সাউল নিগুয়েজের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা।
মেট্রোপলিটানো স্টেডিয়ামে আট মিনিটেই গ্রিজম্যানের শট ঠেকিয়ে বার্সার ত্রাতা হন গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন। দুই মিনিট পর আবারও গ্রিজম্যানকে প্রতিহত করেন এই জার্মান।
অ্যাটলেটিকো টের স্টেগেনের গেঁরো খুলতে ২১ মিনিটের বেশি সময় নেয়নি। দূরপাল্লার জোরাল শটে এসময় ঘরের মাঠের দর্শকদের আনন্দে ভাসান স্প্যানিশ মিডফিল্ডার সাউল।
ম্যাচের ৩২ মিনিটে মেসির নেওয়া দারুণ এক ফ্রি-কিক কাজে লাগাতে পারেননি প্রতিপক্ষের গোলমুখে ওঁতপেতে থাকা বার্সার কেউ। এতে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে অতিথিরা।
মধ্যবিরতির পরও লম্বা সময় সাফল্য আসছিল না। ৫৬ মিনিটে সুয়ারেজের জোরাল গোলমুখো শটে দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক ইয়ান ওব্লাক। এক মিনিট পর মেসির ট্রেডমার্ক ফ্রি-কিক পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়ে।
শেষে বার্সা যখন পয়েন্ট হারানোর শঙ্কায়, তখনই ত্রাতা সুয়ারেজ। ৮২ মিনিটে সার্জিও রবের্তোর ক্রসে মাথা ছুঁইয়ে সমতা আনেন উরুগুয়ে তারকা। ম্যাচ শেষের তিন মিনিট আগে গোমেজের ক্রসে সুয়ারেজ ছোঁয়া দিতে না পারায় এক পয়েন্ট বাঁচিয়ে ফেরার সান্ত্বনাই কেবল সঙ্গী হয় বার্সার।
লিগে টানা সাত জয়ের পর এই ড্রয়ে বার্সার পয়েন্ট হল ২২। রিয়াল মাদ্রিদ ১৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তিনে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ১৬।








