যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে ‘খুব ভালো সম্পর্ক’ থাকবে না বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিয়ে ট্রাম্পের বক্তব্যকে ‘ভুল’, ‘অসভ্য ও ‘বিভেদ সৃষ্টিকারী’ বলে মন্তব্য করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ক্যামেরনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের সাথে ভালো সম্পর্ক তৈরিতে আগ্রহী ছিলেন তিনি। তবে, এক্ষেত্রে ক্যামেরনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ট্রাম্প।
এর আগে ট্রাম্পের মুসলিম বিদ্বেষ নিয়ে লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খানের করা মন্তব্যকেও ‘অনেক কর্কশ’ বলেই উল্লেখ করেন ট্রাম্প। সম্প্রতি সাদিক খান সাংবাদিকদের কাছে আশঙ্কা প্রকাশ করেন, মুসলিম হওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে; তাই তিনিও দেশ সফরের সুযোগ পাবেন না।








