বাসায় ফেরার পথে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের নৌকায় যখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন থেকেই সন্দেহের তীর ছিলো তার ডেপুটির দিকে। দেশটির সংবিধান মোতাবেক প্রেসিডেন্টের মৃত্যু, অযোগ্য বিবেচিত বা পদত্যাগ করলে ভাইস প্রেসিডেন্টেই তার স্থলাভিষিক্ত হন। জোরালো সন্দেহটিই অবশেষে সত্য প্রমাণিত হলো। প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব।
গত বছরের সেপ্টেম্বরে এ্য়ারপোর্ট থেকে ফেরার পথে বোমা বিস্ফোরণের ঘটনাটিতে অল্পের জন্য রক্ষা পান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। কিন্ত তার স্ত্রীসহ বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার কয়েক সপ্তাহ পরেই গ্রেপ্তার হন আদিব এবং তার বিরুদ্ধে উচ্চমাত্রার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
অবৈধভাবে আগ্নেয়াস্ত্র দখলে রাখার দায়ে ১০ বছরের কারাদণ্ড পাওয়ার একদিন পর বৃহস্পতিবার ষড়যন্ত্রের অভিযোগে ১৫ বছরের দণ্ড পান আহমেদ আদিব।
তবে এই ঘটনার সাথে কোনো সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন আদিব। বিচারকে অন্যায্য দাবি করে এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আদিবের আইনজীবী মুসা সিরাজ।










