ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর পাশে বসে নিজের অভিনীত ছবি দেখলেন তাপসী পান্নু। ছবির নাম ‘পিংক’। রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টের পাশে বসে নিজের অভিনয় দেখাকে এক বিরল অভিজ্ঞতা হিসেবে মনে করছেন পান্নু। তিনি বলেন, ‘এটা আমার জীবনে বিরাট পাওয়া আর আমি তা কখনও ভুলব না।’
পান্নু এবং তার সহঅভিনেতা অমিতাভ বচ্চন গত শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ছবিটির এক বিশেষ প্রদর্শনীতে অংশ নেন। পান্নু আরও বলেন, ‘রাষ্ট্রপতির পাশে বসে ছবি দেখা এবং সেদিনের সব অভিজ্ঞতা আমার জন্য ছিল অনুপ্রেরণাদায়ক। ছবিটি দেখা শেষেও আমরা অনেক সমাদৃত হই। ছবিতে থাকা বার্তা নিয়েও রাষ্ট্রপতি অনেক প্রসংশা করেন। সত্যিকার অর্থেই তিনি আন্তরিক এবং একজন ভালো মানুষ।’

অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘পিংক’ ছবিটি একটি বড় ধরনের সামাজিক বার্তা বহন করে। ছবিটি ২০১৬ সালে মুক্তি পায়।










