শাবনূর অভিনয় থেকে অনেক দূরে। এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝে শোনা গিয়েছিল, তিনি অসুস্থ। এরপর আবার নিশ্চুপ। কিন্তু এবার শাবনূরকে নিয়ে তৈরি হলো নতুন খবর। প্রেক্ষাগৃহে ফিরছেন শাবনূর। তিনি বলেন, ‘এম এ মান্নান আমার পছন্দের পরিচালক। তার সঙ্গে অনেক ছবি করেছি। ছবিটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে জেনে ভালো লাগছে।’
শাবনূর ‘পাগল মানুষ’ ছবিতে চুক্তিবদ্ধ হন ২০১১ সালের অক্টোবরে। ছবির শুটিং শুরু হওয়ার পর ২০১২ সালের ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরিচালক এম এ মান্নান। বন্ধ হয়ে যায় ছবির শুটিং। পরে গত বছর ছবির কাজ শেষ করেন পরিচালক বদিউল আলম খোকন।
জানা গেছে, গত সপ্তাহে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘পাগল মানুষ’। কোনো কর্তন ছাড়াই এই ছাড়পত্র দিয়েছে।
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘এটি আমার ওস্তাদের শেষ কাজ। শুটিংয়ের সময় তিনি মারা যান। ছবিটা শেষ করা আমার দায়িত্ব ছিল। এবার মুক্তি দিতে পারলে শান্তি পাব। ছবিতে পরিচালক হিসাবে ওস্তাদের নামই যাবে।’
তিনি জানান, ঈদের পর ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
‘পাগল মানুষ’ ছবিতে শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন শাহেন খান।







