ঢাকায় অবস্থানরত বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি। মঙ্গলবার বিকালে প্রায় এক ঘন্টা সময় ধরে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কূটনীতিকদের মধ্যে ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার; এছাড়াও ছিলেন যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, কুয়েত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য ও জার্মান দূতাবাসের প্রতিনিধিরা।
বিএনপির সূত্রে জানা গেছে, বৈঠকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, নির্যাতন এবং মামলার প্রসঙ্গ তুলে ধরেন বিএনপি নেতারা। এছাড়া শনিবার ও রোববার রাজধানীর ঝিগাতলা ও ধানমন্ডি এলাকায় সংঘটিত সংঘর্ষ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের গাড়িবহরে হামলা, খালেদা জিয়ার মামলা ও চিকিৎসা সহ দেশের চলমান বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান ও ড. আবদুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন, এ জে মোহাম্মদ আলী ও মীর হেলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য রুমিন ফারহানা, জেবা খান ও তাবিথ আওয়াল।







