রাত পোহালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ৩ মে দিবাগত রাত থেকে যে কোনো ধরণের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকলেও তা ভঙ্গ করার অভিযোগ উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে। এ বিষয়ে অবশ্য পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার বিকালে এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসের সামনে গিয়ে দেখা যায় নির্বাচনে অংশ নেওয়া তিন প্যানেলের প্রার্থীরাই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ জন্য পুরো এফডিসি প্রাঙ্গণ শিল্পী ও কলাকুশলীদের পদচারণায় মুখর ছিল। নির্বাচন কমিশনের নির্দেশনা সত্ত্বেও তাদের এ প্রচারণা নিয়ে আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছে এফডিসিরি অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।
প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, ‘আমাদের কানেও বিষয়টা এসেছে। এ অভিযোগ আসা মাত্র কমিশনের লোক পাঠিয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য। যদি প্রমাণিত হয় বিষয়টি তবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’
আগামীকাল শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলগুলো হলো— মিশা সওদাগর ও জায়েদ খান, ওমর সানি ও অমিত হাসান, ড্যানি সিডাক ও ইলিয়াস কোবরা।










