ঢাকা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নেটওয়ার্কের পক্ষ থেকে ৮ সেপ্টেম্বর থেকে শিল্পকলা একাডমিতে প্রামাণ্যচিত্র নির্মাতাদের জন্য নতুন কর্মশালার আয়োজন করা হয়েছে। চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
‘প্রামাণ্যচিত্রে যৌথ প্রযোজনার কলাকৌশল ও যৌথ প্রযোজনার বাজার’ শীর্ষক এ কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানাতে ৭ সেপ্টেম্বর দুপুরে শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ৬ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এ কর্মশালার নানা দিক তুলে ধরা হয়।
৬ দিনের এ আয়োজনে বাংলাদেশ ও ভারতের ২০জন তরুণ ও উঠতি চলচ্চিত্র নির্মাতা অংশ গ্রহণ করবেন। কর্মশালায় অংশগ্রহণকারীদরে মাঝে ১৩জন চলচ্চিত্র নির্মাতা একটি করে চলচ্চিত্র নির্মাণ প্রকল্প জমা দিয়েছেন, যা নানা দেশী মেন্টরদের মাধ্যমে পিচিংয়ের উপযোগী করে তোলা হবে। এই প্রকল্পগুলোই পরে কর্মশালার শেষ দু’দিন ১২-১৩ সেপ্টেম্বের পিচিং সেশনে উপস্থাপন করবেন অংশগ্রহণকারীরা। চলচ্চিত্রের প্রকল্প জমা দেয়া ছাড়াও দক্ষিণ এশিয়ার নানা দেশের চলচ্চিত্র নির্মাতারা এই সমগ্র আয়োজনে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবেন।
পুরো কর্মশালাটি পরিচালনা করবে ঢাকা ডকল্যাব। সংবাদ সম্মেলনে ঢাকা ডক ল্যাবের চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘ যারা তরুণ প্যারালাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আছে, তাদের নিয়ে কাজ করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা। সবার সহযোগিতার মাধ্যমে এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। ’
অনুষ্ঠানে গাওসুল আলম শাওন ও তারেক আহমেদ বক্তব্য রাখেন। ৬দিনের এই আয়োজন উপলক্ষ্যে বিখ্যাত প্রামাণচিত্র নির্মাতা, প্রযোজক, টেলিভিশন সম্প্রচারক, চলচ্চিত্র পরিবেশক এবং সিনেমায় অর্থ লগ্নীকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশে আসবেন।








