প্রায় দেড় মাস বন্ধের পর খুলেছে প্রাথমিক বিদ্যালয়। একই সাথে সারাদেশে বুধবার থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণির শিক্ষা কার্যক্রম। করোনার থাবা সারাদুনিয়াকে যেভাবে স্তব্ধ করেছিল তা থেকে রেহাই পায়নি শিক্ষার্থীরাও। দীর্ঘ বিরতির পর প্রিয় প্রাঙ্গণে তাই বাধভাঙ্গা আনন্দ শিক্ষার্থীদের মধ্যে।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মাধ্যমিকের নিয়মিত শিক্ষা কার্যক্রমও খুব শিগগিরই শুরু হবে।
শিক্ষকরা বলছেন, আবারো সবকিছু নিয়মের মধ্যে আনার চেষ্টা চলছে। আপাতত প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সবগুলো ক্লাস হবে সপ্তাহে ৬দিন। তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিকের শিক্ষা কার্যক্রম।
তবে মাধ্যমিকে এখনো ক্লাস নেয়া হচ্ছে সীমিত সংখ্যক। শিক্ষামন্ত্রী বলেছেন, খুব শিগগিরই নিয়মিত কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে ঢাকা কলেজ মিলনায়তনে ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী।
একাদশের শিক্ষার্থীরা বলছেন, করোনার কারণে এসএসসি পরীক্ষা দিতেই ভোগান্তি ছিল তাদের। এখন ক্লাস শুরু হওয়ায় খুশি তারা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত দুটো বছর পড়াশোনায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা হয়তো কখনোই শতভাগ পূরণ করা সম্ভব নয়। তবে সামনে যে ঘাটতি হয়েছে তা পুষিয়ে নিতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার।







