প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন কমিটির সভায় সভাপতিত্ব করেন।
তিনি বলেন, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা এ মন্ত্রণালয়ের অধীন সর্ববৃহৎ কার্যক্রম। এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
২০১৮ সালের নির্বাচনী ইশতেহার এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের জন্য পরীক্ষা পদ্ধতিকে কলুষমুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সবাই সতর্কতার সঙ্গে ও আন্তরিক ভাবে কাজ করলে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাবে।
২০১৯ সালে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ফি ছাত্র-ছাত্রী প্রতি ৬০/- টাকা বলবৎ থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। আর তা বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বৃত্তির সংখ্যা ও টাকার পরিমাণ হিসেবে বর্তমানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ৩৩ হাজার, ট্যালেন্টপুল ও ৪৯ হাজার ৫ শত সাধারণ কোটাসহ মোট ৮২ হাজার ৫ শ’টি প্রাথমিক বৃত্তি প্রদান করা হয় এবং ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ৭,৫০০ ট্যালেন্টপুল ও ১৫,০০০ সাধারণ কোটাসহ মোট ২২ হাজার ৫ শ’টি বৃত্তি প্রদান করা হয়।
গত বছর ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তির পরিমাণ ছিল যথাক্রমে ৩০০/- টাকা ও ২২৫/- টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ করে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)। গত ৩ বছরে ৮ সেট প্রশ্নপত্রের মাধ্যমে সারাদেশে পরীক্ষা গ্রহণ করা হয়। এ সময় প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।










