ঢালিউড-টালিউড দুটোই মাতাচ্ছেন বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশে জিরো ডিগ্রি বা গেরিলার মতো ছবি যেমন উপহার দিচ্ছেন। তেমনই টালিগঞ্জকে দিচ্ছেন একটি বাঙালি ভূতের গপ্পো, আবর্তের মতো সিনেমা।
সামনেই আসছে জয়া আহসানের আরেকটি টালিউডি কাজ সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’। দেশে ও দেশের বাইরে নতুন-পুরনো অনেকের সাথেই কাজ করছেন জয়া। কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি ও দেবের সাথে কাজ করার ইচ্ছেটা তার রয়েই গেছে।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার সাথে এক কথোপকথনে এমন কথাই জানান জয়া। এছাড়া শ্বাশত চ্যাটার্জি, পরমব্রত ও ঋত্বিক চক্রবর্তীর সাথে কাজ করার ইচ্ছেও রয়েছে তার। বলেন নতুনদের সাথে কাজ করতে গেলে যে চ্যালেঞ্জটা থাকে, সেটাও বেশ উপভোগ করেন জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী। চ্যালেঞ্জ নিতে কোনো আপত্তি নেই তার।
নিজেকে নিয়ে ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন জয়া। ঠিক তেমনই পরিচালকরাও চান ভিন্নধর্মী চরিত্রগুলোতে তাকে অভিনয় করাতে। এই যেমন সামনেই বাংলাদেশের একটি সিনেমায় সার্কাসের মেয়ের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তার। কথা রয়েছে আর একটি সিনেমায় নারী সুপারহিরোর চরিত্রে অভিনয় করারও।






