চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেসরকারী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে র্যাব-২। এলিট ফোর্স র্যাব জানায় আটক ছাত্রটি প্রশ্নপত্র ফাঁস চক্রের একজন সক্রিয় সদস্য।
শনিবার গভীর রাতে রাজধানীর পূর্ব রাজাবাজার আরবিএন হোস্টেল থেকে ছাত্রটিকে আটক করা হয়। আটক হওয়া ছাত্রের নাম আনিসুর রহমান (২০)। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটি, ধানমন্ডি শাখায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের শিক্ষার্থী।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফিরোজ কাউসার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।
এএসপি ফিরোজ বলেন, প্রশ্নপত্র ফাঁসের একটি চক্র রয়েছে, তাদের একজন সক্রিয় সদস্য ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিসুর রহমান। হোস্টেলে থাকাকালে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক এর মিসাইল গ্রুপ ও আইসিটি গ্রুপ এর সাথে তিনি য্ক্তু হন। পরে মিসাইল গ্রুপের এডমিন এর মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ পূর্বক পরীক্ষায় অংশগ্রহণরত শিক্ষার্থীদের নিকট হতে বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়ার কাজে যুক্ত হন।মূলত প্রশ্নপত্র ফাঁসের বিপণন বিভাগটি পরিচালনা করত আনিস।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ইতিপূর্বে তারা বিভিন্ন পরীক্ষায় একই ভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার্থীদের নিকট হতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন। তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।










