আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরিতে অংশ নেবে ‘পোড়ামন ২’ দল। খালি পায়ে শহীদ মিনারে ফুল দেবে চলচ্চিত্র দলটি। চলচ্চিত্রটির প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এবং পরিচালক রায়হান রাফি চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রযোজক আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পোড়ামন ২’ পহেলা বৈশাখ উপলক্ষ্যে মুক্তি পাবে। তবে ভাষা দিবসে নিজেদের জানান দেওয়ার সুযোগটা ছাড়ব কেন? প্রচারণাও হল নিজের মাতৃভাষাকে সম্মানও জানানো গেল।
পরিচালক রায়হান রাফির পরিচালনায় এটি প্রথম চলচ্চিত্র। তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, চলচ্চিত্রের প্রচারণায় প্রভাত ফেরিতে অংশগ্রহণ সম্ভবত প্রথম। আমাদের চলচ্চিত্র ভাষা আন্দোলন এবং শহীদদের সম্মান জানায়।
চলচ্চিত্রটির নায়ক সিয়াম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি দেশে থাকলে প্রায় প্রতিবছর শহীদ মিনারে প্রভাত ফেরিতে অংশ নেই। এবার দেশে থাকছি। সম্মান জানাতেই প্রভাতফেরিতে অংশ নেব।’
নায়িকা পূজা চেরী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এটা দারুণ একটি পদক্ষেপ। আমি নিজেও আনন্দিত। বৈশাখে মুক্তি পাচ্ছে। আর ফাগুনে ভাষা শহীদদের খালি পায়ে প্রভাতফেরির মাধ্যমে স্মরণ, এক কথায় অসাধারণ।
গত সেপ্টেম্বরে ‘পোড়ামন ২’ ছবির মহরত শুরু হয়। এরপর অক্টোবর থেকে টানা শুটিং চলে। এই ছবির মাধ্যমে চিত্রনায়ক হিসেবে বড়পর্দায় অভিষেক হচ্ছে সিয়ামের। সিয়ামের সঙ্গে নায়িকা থাকছেন ‘নূরজাহান’ চলচ্চিত্রে অভিষেক হওয়া পূজা চেরী। এ দুজন ছাড়া চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা প্রমুখ








