আটক হওয়া সাংবাদিক ও শহীদ পরিবারের সন্তান প্রবীর সিকদারের অভিযোগ ‘পাগলামি’ বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয়সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জীবনের নিরাপত্তাহীনতার জন্য সাংবাদিক প্রবীর সিকদার ফেসবুকে বর্তমান স্থানীয়সরকার মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন সেটি নিয়ে বিবিসি বাংলার কাছে বিস্ময় প্রকাশ করেছেন খন্দকার মোশাররফ।
বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদনে মোশাররফ বলেন,‘‘ যে অভিযোগ আনতেছে এটাকে পাগলের পাগলামি ছাড়া আর কিছুই মনে করি না। তার সাথে আমার কনফ্লিক্টের কোনো ইস্যু নাই’’।
উল্টো তিনি প্রশ্ন রেখে বলেন ,“আমরা রাজনীতি করি। আমরা কাউকে খুন করতে যাবো এটা কোনো বাস্তব কথা? এটা কোনো বক্তব্য হতে পারে?” তিনি বলেন ‘সুস্থ মস্তিষ্কের’ কোন মানুষ এ ধরনের কথা বলতে পারেনা’।
এ ঘটনাকে ফরিদপুরের বিষয় উল্লেখ করে স্থানীয়সরকার মন্ত্রী জানান এর সাথে তার কোনো সম্পর্ক নেই।
এর আগে নিজের জীবন নিয়ে আশংকা প্রকাশ এবং সম্ভাব্য পরিণতির জন্য স্থানীয়সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ তিনজনকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেন। রোববার ফরিদপুরে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়। এরপর সেদিন রাতেই সাংবাদিক প্রবীর সিকদারকে ঢাকায় নিজ কর্মস্থল থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। এরপর আদালতের আদেশে সোমবার ফরিদপুর কারাগারে নেয়া হয় সাংবাদিক ও শহীদ পরিবারের সন্তান প্রবীর সিকদারকে।






