যে চিকিৎসকরা গ্রামে থাকতে চান না তাদের সরকারি চাকরি ছেড়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি হাসপাতালে আধুনিক অ্যাম্বুলেন্স প্রদান কর্মসূচি উদ্বোধন করে তিনি জানিয়েছেন, প্রতি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, মেডিকেল কলেজগুলোতে রোগী বাঁচানো, না রোগী মারার ডাক্তার তৈরি হচ্ছে তা খতিয়ে দেখতে হবে।
প্রত্যন্ত এলাকাসহ দেশের সরকারি হাসপাতালে প্রায় ৫ শ’ আধুনিক অ্যাম্বুলেন্সের চাহিদা। এরমধ্যে সাড়ে তিনশ’ কেনার ব্যবস্থা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। প্রথম পর্যায়ে ১শ’ টির মধ্যে ৬০টি দেয়া হবে ২ জানুয়ারির মধ্যে। ৪১ লাখ টাকা করে কেনা জাপানে তৈরি এসব অ্যাম্বুলেন্সের চাবি সিভিল সার্জনদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
নৌ অ্যাম্বুলেন্স চালুর নির্দেশ এবং অ্যাম্বুলেন্স মেরামতের জন্য আলাদা ফান্ড গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিএনপিসহ ৪ দলীয় জোটের সময়ে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের সমালোচনা করে ভবিষ্যতে যাতে কেউ আবার বন্ধ না করতে পারে সেজন্য আলাদা ট্রাস্ট গঠনের নির্দেশ তিনি।
বিশেষায়িত চিকিৎসকসহ আরও দক্ষ জনবল গড়ে তোলার নির্দেশ দিয়ে আরও মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিতে তিনি নানা পরামর্শও দেন।
সারাদেশে ১০ হাজার নতুন চিকিৎসক নিয়োগের উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে








