একদিনের ব্যক্তিগত সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডেন সফরের যাত্রাপথে লন্ডনে ২৪ ঘণ্টা যাত্রাবিরতিতে থাকবেন তিনি।
লন্ডনে পৌঁছানোর পর যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ ও সৈয়দ সাজিদ উর রহমান ফারুখ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এসময় শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন।
যাত্রাবিরতির পর শেখ হাসিনা ১৪ জুন স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশে রওয়ানা হবেন। সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
সুইডেনে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরে আসবেন।
এ সফরে প্রধানমন্ত্রী ৪৭ সদস্যের একটি ব্যবসায়ী দলসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।
প্রধানমন্ত্রীর সুইডেন সফর ইউরোপ ও বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।






