পরনে পাটের শাড়ি, হাতে পাটের ব্যাগ। মঙ্গলবার এভাবেই পাটমেলায় এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাটমেলার উদ্বোধনী বক্তৃতায় পাটপণ্যের বহুমুখী ব্যবহার বাড়াতে এর নানামুখি ব্যবহারের কথা তুলে ধরেন তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’- এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত পাটমেলায় অনেকেই নীল রঙের পাটের ব্লেজার পরে এসেছিলেন।
এসময় আগামী বছর সবাইকে পাটপণ্যের পোশাক পরে আসার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাটের শাড়ি ছাড়া এক সময় বিয়ে হতো না।

তিনি জানান, পাটের সোনালি দিন আবার ফিরিয়ে আনার জন্য নানান উদ্যোগ নিচ্ছে সরকার। রপ্তানিকে বহুমুখী করতে এবং নতুন নতুন বাজার ধরতে পাট দিয়ে নানান ধরনের পণ্য তৈরিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।







