রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সংলাপে সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ)।
এছাড়াও নির্বাচন কমিশন পুনর্গঠনে আরও দু’টি প্রস্তাবনা দিয়েছে বিএনএফ প্রতিনিধি দল।
বুধবার বিকেল ৪টায় বঙ্গভবনে বিএনএফ প্রেসিডেন্ট ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এস. এম. আবুল কালাম আজাদের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেয়।
সংলাপ শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিএনএফ।
প্রথম প্রস্তাবনায় বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়োগ প্রদানের ক্ষমতা প্রদান করা হয়েছে। এর মহামান্য রাষ্ট্রপতি বিদ্যমান পদ্ধতি অনুসরণপূর্বক সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি গঠন করে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়োগ প্রদান করতে প্রস্তাব করা হয়েছে।
তাদের আরেকটি প্রস্তাবনা হলো: নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটিতে অনধিক পাঁচ জনকে নিয়োগ করতে পারেন। এই কমিটিতে ৫ জনের নাম প্রস্তাব করা হয়েছে। অনুসন্ধান কমিটিতে দুইজন প্রখ্যাত অধ্যাপক, একজন সাবেক নির্বাচন কমিশনার, একজন সাবেক সেনা কর্মকর্তা এবং একজন সাবেক আইজিপির নাম প্রস্তাব করা হয়েছে।
অন্য প্রস্তাবনায় বিএনএফ জানায়, নির্বাচন কমিশনের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্যে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। এক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর সুস্পষ্ট প্রস্তাব হচ্ছে নির্বাচনকে অবাধ নিরপেক্ষ এবং অর্থবহ করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি নির্বাচনকালীন সরকার গঠন করার প্রস্তাব করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সমন্বয়ে মাননীয় প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন করতে পারেন।
রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়া বিএনএফ প্রতিনিধি দলের অন্যরা হচ্ছেন- দলের সেক্রেটারি জেনারেল ডক্টর নজরুল ইসলাম আল মারুফ, ভাইস চেয়ারম্যান এ ওয়াই এম কামরুল ইসলাম, মো. আতিকুর রহমান নাজিম, মমতাজ সুলতানা আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ।








