দেশের ৮০ শতাংশেরও বেশি মানুষের আস্থা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি; তাই আগামী নির্বাচন কেন, যেকোন নির্বাচনেই জয়লাভের সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাবহবুব উল আলম হানিফ।
প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা সফল করতে শুক্রবার বিমানবন্দর ভিভিআইপি লাউঞ্জ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তার সঙ্গে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হানিফ বলেন: আওয়ামী লীগ সরকারের সাফল্যে বিএনপি ঈর্ষান্বিত। তাই সব জায়গায় তারা ইস্যু খুঁজতে চাইছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি নেওয়া নিয়েও তারা রাজনীতি করছে। প্রধান বিচারপতি অসুস্থ তাই তিনি ছুটি নিতেই পারেন, তাতে বিএনপির কী আসে যায়? তারা এত বৈঠক করছে কেন? বিচারপতি কি তার অসুস্থতা নিয়ে বিএনপির কাছে জবাবদিহিতা করবেন?
তিনি বলেন: জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দেশে ফিরছেন। আমরা তাকে সংবর্ধিত করার প্রস্তুতি শেষ করেছি। এটা কোন রাজনৈতিক শোডাউন নয়। রোহিঙ্গা সমস্যায় আন্তর্জাতিক সম্প্রাদয়ার সামনে সফলভাবে তুলে ধরা এবং দেশের সার্বিক উন্নয়নের রূপকার হিসেবে দেশবাসী তাকে সংবর্ধনা দেবে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরীসহ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।







