প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক সৌদি প্রবাসীর সরাসরি এসএমএস’র পর মাত্র চার কর্মদিবসে স্কুল ভবন পেলো ফেনী সদর থানার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটির জন্য ইতোমধ্যে একটি বহুতল ভবনের বরাদ্দ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান: গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে মোবাইলে একটি এসএমএস পান। এসএমএসটি পাঠান সৌদি আরব প্রবাসী জনৈক আনোয়ার হোসেন খোকন।
‘‘তিনি প্রধানমন্ত্রীকে স্কুলটির কোড নম্বর পাঠিয়ে লিখেন, এই স্কুলটি স্থানীয় মুক্তিযোদ্ধা আফজালুর রহমানের জায়গার উপর প্রতিষ্ঠিত। কিন্তু প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। একটি স্কুল ভবন করে দেয়ার দাবি জানান তিনি।
এসএমএস পাওয়ার পর ওই দিন ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব (১) তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। স্কুলটির কোড নম্বর মিলিয়ে একান্ত সচিব জানতে পারেন স্কুলটি হচ্ছে ফেনী সদর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেন।’’
আশরাফুল আলম খোকন জানান: এরই ফলশ্রুতিতে শনিবার বিকেলে পাঁচ শ্রেণীকক্ষ বিশিষ্ট একটি ভবনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পর্যায়ক্রমে এটাকে বহুতল করা যাবে। শিগগিরই এই ভবনের কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।







