সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন।
ওই আদেশের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়।
কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেইসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারি থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম।
এরপর ৬ অগাস্ট উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিনও নেন তিনি। সেই জামিন আদেশ অনুসারে আজ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তার আইনজীবি। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।








