ওবায়দুল কাদের বলেছেন, এই পর্যন্ত পদ্মাবহুমুখী সেতু প্রকল্পের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। এ সেতু নির্মাণে সাড়ে ২৮ হাজার কোটি টাকা খরচ হলেও এক বছরে অন্তত ৩৪ হাজার কোটি টাকা আয় হবে। জিডিপিতে দেড় শতাংশ প্রবৃদ্ধি যোগ হবে।
শনিবার বেলা ১২টার দিকে পদ্মা সেতু প্রকল্পে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকায় সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের জানান, সেতু নির্মাণ কাজের পাশাপাশি নদীর দুই প্রান্তে মাওয়া থেকে পোস্তগোলা, জাজিরা থেকে ভাঙ্গা সড়ক যোগাযোগ ব্যবস্থা ৪ লেনে উন্নীত করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যেই সেনাবাহিনী এ কাজ শুরু করবে।
এসময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার কর্নেল যোবায়ের সারোয়ার, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জাল হোসেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী তারেক ইকবাল, মোনেম লি: এর পরিচালক আবিদ হাবিব প্রমুখ।







