বিপিএলে টানা দুটি ম্যাচ জেতার পর শনিবার প্রথম পরাজয়ের স্বাদ পেল রংপুর রাইডার্স। মিরপুরের হোম অব ক্রিকেটে ঢাকা ডায়নামাইটসের কাছে তারা হেরে যায় ৭৮ রানে।
১৭১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১০ রান তোলে রংপুর। তবে নাসির হোসেনের করা দ্বিতীয় ওভারের শেষ বলে সৌম্য বোল্ড হয়ে ফিরে গেলে চাপের মুখে পড়েন উত্তরবঙ্গের দলটি। সাকিবের করা তৃতীয় ওভারের চতুর্থ বলে মিঠুন বোল্ড হয়ে সাজঘরে ফিরলে সেই চাপ আরো ঘনীভূত হয়।
শাহজাদ ও ডওসনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল রংপুর। তবে সানজামুল ইসলামের করা ষষ্ঠ ওভারের প্রথম বলে শাহজাদ মিড-অফে নাসিরের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে ফিরে গেলে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় রংপুর রাইডার্স।
এক পর্যায়ে দলনেতা নাইম ইসলাম ও পাকিস্তানী হার্ডহিটার শহীদ আফ্রিদিকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন। তবে সাকিবের বলে আফ্রিদি (৬) বোপারার কাছে তালুবন্দি হলেওিএক প্রান্ত ধরে ব্যাট চালিয়ে গেছেন নাইম।
দলীয় ১৫তম ওভারে মোহাম্মদ শহীদের বলে উইকেটের পেছনে সাঙ্গার কাছে ক্যাচ দিলে পরাজয় নিশ্চিত হয় রংপুরের।
শেষদিকে মুক্তার আলীর (১০) রান শুধুমাত্র পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে।
ঢাকার বোলারদের মধ্যে সাকিব আল হাসান ও ডুয়াইন ব্রাভো দুটি করে উইকেট নেন।
এরআগে টসে হেরে ব্যাট করতে নেমে মোসাদ্দেক ঝড়ে নিধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে ঢাকা ডায়নামাইটস। বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত এটাই দলীয় সর্বোচ্চ সংগ্রহ।










