যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করলেন ক্রেসিডা ডিক (৫৬)। প্রথমবারের মতো শহরটির মেট্রোপলিটন পুলিশ কমিশনার হলেন একজন নারী।
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় ‘রোমাঞ্চিত এবং কৃতজ্ঞ’ ক্রেসিডা বলেন, এই মহানগরের চমৎকার নারী ও পুরুষদের সাথে আবারও কাজ করতে মুখিয়ে আছি। এক বিবৃতিতে তিনি বলেন, এটা একটা মহান দায়িত্ব এবং অসাধারণ সুযোগ।
এর আগে সন্ত্রাসবিরোধী কাজে পুলিশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে ডিকের। পরবর্তীতে মহানগরের এই দায়িত্ব ছেড়ে পররাষ্ট্র দপ্তরে কাজ করেছিলেন।
দীর্ঘ ৩১ বছরের দায়িত্ব পালনের পর ২০১৪ সালের ডিসেম্বরে মেট্রোপলিটন থেকে পররাষ্ট্র দপ্তরে যান ডিক। তবে কমিশনার হিসেবে তার নির্বাচিত হওয়া বিতর্কমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিবিসির স্বরাষ্ট্র বিষয়ক প্রতিনিধি ড্যানি শ্য।
২০০৫ সালে লন্ডনে বোমা হামলার ২ সপ্তাহ পর পুলিশের এক অভিযানে নিরীহ ব্রাজিলিয়ান ইলেক্ট্রিসিয়ান জিন চার্লস ডি মেনেজেস পুলিশের গুলিতে নিহত হন। পুলিশি সেই অভিযানের নেতৃত্বে ছিলেন ক্রেসিডা ডিক।
পরবর্তীতে এক জুরি রায় দেয় মেট্রোপলিটনে সেই সময় স্বাস্থ্য ও নিরাপত্তা আইন ভঙ্গ করা হয়েছিলো। কিন্তু কমান্ডার ক্রেসিডা ডিকের কোন ব্যক্তিগত দোষ খুঁজে পায়নি জুরিবোর্ড।
২০১১ সাল থেকে শীর্ষস্থানীয় এই দায়িত্ব পালন করে আসা স্যার বার্নাড হোগান-হোয়ে গত বছর অবসরের ঘোষণা দেন।








